আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের কিশোর রাকিব (১৪) সম্প্রতি প্রতারণার শিকার হয়ে তার একমাত্র আয়ের উৎস পাখিভ্যানটি হারায়। এতে তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়ে। ঘটনাটি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তারের। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে ইউএনওর কার্যালয়ে ভুক্তভোগী পরিবারকে ডেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারটি সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। ইউএনও পান্না আক্তার শুধু আর্থিক সহায়তায় সীমাবদ্ধ থাকেননি, পরিবারের খোঁজখবর নিয়ে তাদের মানসিক সাহায্য জুগিয়েছেন।
পান্না আক্তার বলেন, এ ধরনের অসহায় মানুষের খবর পেলে অবশ্যই প্রকাশ করবেন এবং উপজেলা প্রশাসনকে জানাবেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। আমরা কোনো অবস্থায় এ দায়িত্ব এড়াতে পারি না। তিনি আরও জানান, প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নেওয়া পাখিভ্যান উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতারণা চক্রকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ইউএনওর এ মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, এটি প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।
ভুক্তভোগী পরিবারের অভিভাবক রোজিনা বলেন, স্যারের সরাসরি সহায়তা আমাদের জন্য এক আশার আলো। তিনি শুধু অর্থ দিয়ে সাহায্য করেননি, আমাদের মানসিক শক্তিও দিয়েছেন।
আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের উদ্যোগে কিশোর রাকিব পেল সহায়তা



