আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলকে আহ্বায়ক এবং আজিজ মোহাম্মদ মণ্ডলকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এরশাদ আলী, রিয়াজ উদ্দিন বাদশা ও কামাল হোসেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আশরাফুন নাহার শোভা।
আলোচনা সভা শেষে সভাপতি পূর্ববর্তী কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সাধারণ সম্পাদক নাঈমুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. রফিকুল ইসলাম, মোল্লা রকিব উদ্দিন, সাংবাদিক নারায়ণ ভৌমিক, সদস্য আক্তারুল ইসলাম ইকবাল, আওয়াল হোসেন ও তানজিম হোসেন প্রমুখ।
সভা শেষে সাহিত্য পরিষদের প্রয়াত সদস্য মোল্লা তাসলিম উদ্দিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্য অনুরাগী দুরুদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. রফিকুল ইসলাম।
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন



