আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ১৪ জন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে চুরি মামলার ২জন, মাদক মামলার ২জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ জন আসামি রয়েছেন।
চুরি মামলায় গ্রেফতার হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরূপকাঠি চকপাড়া এলাকার আলাউদ্দিন (৫৩) ও তাঁর ছেলে শাকিব (২৩)। তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়ের করা মামলা নম্বর ২১ (জিআর ৭৭/২৬), দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় গ্রেফতার হয়েছেন আলমডাঙ্গা উপজেলার জেহালা অঘনাথপাড়া এলাকার তারেক সরদার (৩৬) এবং কান্তপুর গ্রামের রাতুল হাসান সোহাগ (২২)। তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নম্বর ২২ ও ২৩ দায়ের করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন মিয়াপাড়ার রনি ইসলাম (২৮), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার মো. রেজাউল হক (৪৯), কালিদাসপুরের সাইফুল, স্টেশনপাড়ার মিজানুর রহমান (মিজান), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার জামিরুল ইসলাম ও খাইরুল ইসলাম, নতিডাঙ্গা আবাসনের বিপুল (২৭), বিথী (২১), বলিকচি (৪৫) ও স্মৃতি খাতুন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।