গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু, হেল্পার আহত

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেল্পার গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাত আড়াইটার দিকে উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মহিরুল ইসলাম (৩৫) গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ট্রাকের ড্রাম স্পর্শ করে। এতে ট্রাকের চালক মহিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।