দামুড়হুদা অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দামুড়হুদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতখালি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মুসলিমদের বহু বিজয় দান করেছেন। আমরা আমাদের অর্জনকে ম্লান হতে দেব না। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলসহ সব রাজনৈতিক দলের সহাবস্থান চাই।

তিনি আরও বলেন, হাটবাজারের ঠিকাদারদের অনিয়ম দূর করে ডুগডুগি পশুহাটকে সঠিকভাবে দরপত্রের মাধ্যমে ইজারা দিয়ে রাজস্ব খাতে প্রায় ৪ কোটি টাকা আয় করতে সহায়তা করা হয়েছে। এছাড়া প্রতিটি মসজিদ ও মন্দিরে অনুদান প্রদান শুরু হয়েছে। ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারি আবুল বাসার, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম জিহাদি, সেক্রেটারি মাওলানা ইমরুল হাসানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



