গড়াইটুপিতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ আয়োজন করে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামি-র গড়াইটুপি ইউনিয়ন শাখা। গড়াইটুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইউনুস আলির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমি এমপি নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়নে আমরা বদ্ধপরিকর। এমপি হয়ে ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা আয়ের কোনো চিন্তা আমাদের নেই; আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন হাট-বাজার উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে, যার ফলে সরকার উল্লেখযোগ্য রাজস্ব পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমরা পুরো ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। এমপির কাছে যেতে কোনো নেতার ধরনা দিতে হবে না—জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
রুহুল আমিন বলেন, এ জাতির মুখের দিকে তাকিয়ে আমরা সরকারি প্লট ও গাড়ি গ্রহণ করিনি। এতে প্রতিটি এমপির পেছনে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হতো। সেই অর্থ জনগণের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, এলাকায় কোথায় রাস্তা, ঘাট, ব্রিজ ও কালভার্ট প্রয়োজন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দলমত নির্বিশেষে উন্নয়ন কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমীর রেজাউল মাস্টার। এছাড়াও স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।