স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২ মোটরসাইকেল চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৮ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ৪টি প্রতিষ্ঠানে ডিলিং লাইসেন্স ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং আরো দুইটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা কওে জরিমানা করা হয়। অভিযান চলাকালে বাজার এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেটবিহীন চলাচলের দায়ে ২ জনকে ২ হাজার জরিমানা করা হয়। তাদেরকে সড়ক নিরাপত্তা বিধিমালা মেনে চলার জন্য সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানে যাতে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারেন এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই এ অভিযান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম।
নীলমনিগঞ্জ বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট লাইসেন্স না থাকায় ৬ জনকে জরিমানা



