মেহেরপুর অফিস
মেহেরপুর জেলায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া প্রথম মামলার অন্যতম আসামি ও জেলা জুড়ে অনলাইন ক্যাসিনো কারবার বিস্তারের অভিযোগে অভিযুক্ত কোমরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মুকুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
ডিবি সূত্র জানায়, সম্প্রতি কার্যকর হওয়া সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দায়ের হওয়া প্রথম মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন মুকুল ইসলাম। ওই মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল।
ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, সাইবার আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি হিসেবেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন জুয়া বা অবৈধ লেনদেনের কোনো তথ্য পাওয়া গেলে নতুন করে মামলা দায়ের করা হবে। অন্যথায় বিদ্যমান মামলাতেই বিচার কার্যক্রম চলবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে মুজিবনগর থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ১৬ জনের নাম উল্লেখ করে সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। নথিতে উল্লেখ করা হয়, চক্রটি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় অনলাইন জুয়া ও অবৈধ ই-লেনদেনের বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করছিল। আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশি-বিদেশি অর্থপাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিকাশ, নগদ, রকেট ও উপায় অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকার লেনদেনের পাশাপাশি ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার অভিযোগও উঠে এসেছে।
এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, অনলাইন ক্যাসিনো এজেন্টদের বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চিহ্নিত অপরাধীদের ধরতে জেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন জুয়ার ‘মাস্টারমাইন্ড’ মুকুল মুজিবনগর থেকে গ্রেফতার



