আলমডাঙ্গায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আলমডাঙ্গা থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে বসবাসকারী ব্যবসায়ী এনামুল হক (৪৮) গত ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এতে এনামুল হক মাটিতে লুটিয়ে পড়েন। হামলার এক পর্যায়ে অভিযুক্তরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। এসময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় একাধিক সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ভুক্তভোগীর ছেলে অভিযোগে আরও দাবি করেন, অভিযুক্তরা তার পিতাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।