স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের নুরনগর কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সকাল ১০টায় কলোনী পাড়ায় তিনি দুটি ডাস্টবিন স্থাপন করেন এবং সেই সাথে নিজ হাতে রাস্তার দুইপাশ পরিস্কারের কাজে অংশ নেন। এই পরিচ্ছন্ন কর্মসূচিতে সার্বিক সহায়তা করে চুয়াডাঙ্গা পৌরসভা।
জানা যায়, দীর্ঘদিন ধরে কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ছড়িয়ে পড়েছিল। পথচারী ও এলাকাবাসীর চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। স্থানীয় বাসিন্দারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। পরে গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাসুদ পারভেজ রাসেল এমপি এলাকাবাসীর সমস্যা শোনেন। এরপর তিনি কলোনি পাড়ার গাজীর মোড় ও ক্লাব মোড়ে দুটি ডাস্টবিন স্থাপন করেন। শুধুমাত্র ডাস্টবিন স্থাপন করেননি পৌরসভার সহায়তায় নিজেই ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে রাস্তার দুই পাশে পড়ে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করার কাজে নামেন। তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখছি চুয়াডাঙ্গার এই অংশটিতে বেশ ময়লা আবর্জনা পড়ে থাকে। আজকে পৌরসভার সহায়তায় আমরা রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং দুটি ডাস্টবিনে স্থাপন করেছি। চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে আহ্বান আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলবেন। তাহলেই একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে উঠবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত নিবাহী প্রকৌশলী আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, সদ্য জামায়াতে যোগদানকারী এইচ এম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল



