গাংনীতে আইন-শৃঙ্খলা ও বিশেষ সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
গাংনী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। সভায় উপস্থিত বক্তারা বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন উপস্থিত সকলেই।
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী, উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।