চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের ‘কোয়ার এন্ড কিউর’র সামনে থেকে ইজিবাইক চুরি

হাটবোয়ালিয়া প্রতিনিধি
চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের একটি ‘কোয়ার এন্ড কিউর’র সামনে থেকে এক ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম (৪৫) গত সোমবার রাত ৮টার দিকে তার স্ত্রীকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল রোডস্থ ‘কোয়ার এন্ড কিউর ’-এ নিয়ে যান। ক্লিনিকের সামনে তিনি তার নীল রঙের তিন চাকার মিশুক (ইজিবাইক) রেখে ভেতরে প্রবেশ করেন।
কিছুক্ষণ পরে বের হয়ে তিনি দেখেন, তার ইজিবাইকটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ক্লিনিক এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুটি লাল রঙের ইজিবাইকে করে দুইজন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন নেমে মিনারুল ইসলামের ইজিবাইকটির কাছে যায় এবং কিছুক্ষণ পর সেটি চালিয়ে দ্রুত সটকে পড়ে। অন্যজন লাল রঙের ইজিবাইক নিয়ে তার পিছু নেয়। পুরো ঘটনাটি অল্প সময়ের মধ্যেই সংঘটিত হয়। ভুক্তভোগী মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ইজিবাইক উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।