চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া এবং এর ফলে অকাল মৃত্যু রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে নেশা হিসেবে এর ব্যবহার জনস্বাস্থ্যের জন্য কতটা হুমকিস্বরূপ এবং এটি পানে মৃত্যুর ঝুঁকি কতটা বেশি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধভাবে স্পিরিট বিক্রয় ও ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়। সেই সাথে সকল প্রকার হোমিও চিকিৎসকদেরকে স্পিরিট জাতীয় ঔষধ সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হতে হবে বলে জানানো হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, হোমিওপ্যাথি চিকিৎসকদের মাধ্যমে যে এ সকল মাদকদ্রব্যের ব্যবহার হয় এটা এই প্রথম জানলাম। তবে হোমিও চিকিৎসকরা ঔষধে যেসকল স্পিরিট ব্যবহার করে থাকেন তাদের এটি ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। কিছু কিছু ঔষধে ৯৯% এর বেশি স্পিড ব্যবহার হয়ে থাকে। তাই সকল হোমিও চিকিৎসকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক একটি লাইসেন্স গ্রহণ করতে হবে। কোন অ্যালকোহল জাতীয় ঔষধের উপাদান বিক্রয়, মজুদ, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের জন্য লাইসেন্স গ্রহণ করা আবশ্যক। এসময় মাদক ও স্পিরিটের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তারিক আহমেদ, হোমিও চিকিৎসক রফিকুল ইসলাম ও আসমা আক্তার প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ স্থানীয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার হোমিও চিকিৎসকগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।