স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ভালাইপুরে নিষিদ্ধ কসমেটিকস্ বিক্রিসহ একাধিক অভিযোগে দুই দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১ টা থেকে দেড় টা পর্যন্ত অভিযানে ফলের দোকান, ঔষধ, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় গুড়া মসলা সামগ্রীর পাশে, খোলা অবস্থায় সোডা সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স বিল্লাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করায় জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম ফারুক ও আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
ভালাইপুরে নিষিদ্ধ কসমেটিকস বিক্রিসহ একাধিক অভিযোগে দুই দোকানীকে জরিমানা



