কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার বোয়ালিয়ার মিজানুর নিহত

সরোজগঞ্জ প্রতিনিধি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার বোয়ালিয়ার মিজানুর রহমান (৫০) নিহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার নিজ গ্রাম সরোজগঞ্জের বোয়ালিয়া এলাকায় ভোট প্রদান শেষে তিনি কর্মস্থল কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পথে দাউদকান্দি উপজেলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয় এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলা এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন। তিনি বোয়ালিয়া গ্রামের আব্দুল রাজ্জাক ভূইয়ার ছেলে।
সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট বই ব্যবসায়ী এবং নিহতের বড় ভাই সেতুর রহমান জানান, আমরা চার ভাই। মিজানুর ছিল আমাদের মেজো ভাই। তার হঠাৎ মৃত্যু আমাদের পরিবারকে ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, মিজানুর রহমান অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী মানুষ ছিলেন এবং এলাকায় সবার কাছে প্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি বোয়ালিয়া মাদ্রাসা পাড়ায় পৌঁছায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।