জীবননগর শিংনগর বাওড়ের মাছের টাকা


ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত
জীবননগর অফিস
জীবননগর উপজেলার শিংনগর গ্রামে বাওড়ের মাছ চাষ ও বিক্রির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার সকাল ১০ থেকে ১১ টার পর্যন্ত দু’দফায় শিংনগর ব্রীজপাড়া ও মসজিদপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দাখিল করেছেন।
শিংনগর মসজিদপাড়ার সাইফুল ইসলাম শিপলু অভিযোগ করেন, একই গ্রামের নিশান হোসেন (২০), জাহিদুল ইসলাম (৪৫), আশাদুল হক আশু (৩৮), সাজু হোসেন (৩৫), মহিদুল ইসলাম (৪২), আলমগীর হোসেন শুভ (২৮) ও ইয়াহুদা হোসেন (৬০) সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলার ঘটনায় সাইফুল ইসলাম শিপলু (৪০),জাকির হোসেন (৪৫),সাইফুল ইসলাম (৪০) এবং লিয়াকত হোসেন (৪২) আহত হন।
অপরদিকে শিংনগর ব্রীজপাড়ার জাহিদুল ইসলাম অভিযোগ করেন, মাছের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের সাইফুল ইসলাম শিপলু (৪০), সাইফুল ইসলাম (৪০), জাকির হোসেন (৪৫), আদিপ হোসেন (২৫) ও লিয়াকত হোসেন (৪২) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে। এ হামলার ঘটনায় আহত হন একই গ্রামের জাহিদুল ইসলাম (৪৮) ও তার ভাই মহিদুল ইসলাম (৪২)।
এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে এবং থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রিপন কুমার দাস জানায়, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।