বাঁকা প্রতিনিধি
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মিছিলটি ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলটি আলীপুর রাখালশাহ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহল্লা ঘুরে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এতে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী মিছিল



