দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের তত্ত্বাবধানে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি দর্শনা থানাধীন হারদা চাঁদপুর গ্রামের গিরিশ নগর থেকে আন্দুলবাড়ীয়া গামী পাকা সড়কের পাশে হান্নান বেপারীর চায়ের দোকানের সামনে পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দর্শনা থানার হারদা চাঁদপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে জামাল মোল্লা (৩৫), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া (স্কুলপাড়া) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে পারভেজ হোসেন (৩০) এবং একই এলাকার বাবলু বিশ্বাসের ছেলে নাজমুল হোসাইন (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দর্শনায় ইয়াবাসহ তিনজন গ্রেফতার



