জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রার্থী না থাকায় চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার বিলাসবহুল থ্রি-স্টার হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এই সমর্থন প্রদান করা হয়।
সমর্থন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজান কবির, সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম বলেন, জাতীয় পার্টির নিজস্ব প্রার্থী না থাকায় চুয়াডাঙ্গা-২ আসনে আমরা বাবু খানের পক্ষে সমর্থন দিচ্ছি। জামায়াতে ইসলামী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তাই তাদের সমর্থন আমরা দিতে পারি না। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির অনেক মিল রয়েছে। বাবু খান এমপি নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিএনপি প্রার্থী মাহমুদ হাসান বাবু খান বলেন, মহাজোটের শরীকদল হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের অধিকার পাননি। দেশের জন্য আওয়ামী লীগ যথাযথ ভাবেনি। তাই তারা সমর্থন দিয়েছে আমাদের। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করা হবে।
চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু



