দর্শনায় জাকের পার্টির শান্তি সমাবেশে একই মঞ্চে চুয়াডাঙ্গা-২ আসনের তিন প্রার্থী

দর্শনা অফিস
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দর্শনা রেলবাজারের শাহরিয়ার মুগ্ধ মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একই মঞ্চে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের তিনটি রাজনৈতিক দলের সংসদীয় প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব। সমাবেশে বক্তারা দল-মত নির্বিশেষে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিভিত্তিক ও সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, চুয়াডাঙ্গার মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন ভুলে উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীজনদের নিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেব।
জামায়াতে ইসলামী প্রার্থী রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গার মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। তারা সহিংস রাজনীতি নয়, উন্নয়ন ও ন্যায়বিচার প্রত্যাশা করে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা জরুরি। তিনি বলেন, কৃষি, ক্ষুদ্র শিল্প ও কর্মসংস্থানের মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমরা একটি দুর্নীতিমুক্ত, নৈতিক ও মানবিক সমাজ গড়তে চাই, যেখানে জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকের পার্টির জেলা সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ এবং কেন্দ্রীয় পরিষদের জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। তারা বলেন, এই শান্তি সমাবেশের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক বিভেদ ভুলে শান্তি, সহাবস্থান ও উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।
সমাবেশে জাকের পার্টির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।