আলমডাঙ্গায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের পথসভা

স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে জামায়াতের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
পথসভায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক চুয়াডাঙ্গা গড়াই আমাদের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করতে চায়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিন।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নুর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এদিন একই উপজেলার খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামেও অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে চারতলা মোড় প্রদক্ষিণ করে হাউসপুর ব্রিজে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন বলেন, যারা নারী ও সাধারণ মানুষের সম্মান ও নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, জনগণ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।