স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রিসহ একাধিক অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের কুলচারা মোড় ও বড়বাজার এলাকায় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের কুলচারা মোড় ও বড়বাজার নিচের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০ থেকে দুপুর দেড়টা ১ পর্যন্ত অভিযানে শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও বীজের দোকান তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় অনুসারে কুলচারার মো: মকবুল হোসেন এর প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মো: আনোয়ার হোসেনের মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং অবৈধ শিশু খাদ্য বিক্রি করায় ৩৭ ও ৪৫ ধারায় বড় বাজার নিচের বাজারের মো: নাজমুল হকের মেসার্স আক্কাস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ দোকানীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনা-বেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।
চুয়াডাঙ্গায় ৩ দোকানীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা



