আলমডাঙ্গায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উন্নত জাত বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, মনিটরিং অফিসার কৃষিবিদ হাসান আলী, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম এবং সিনিয়র সাংবাদিক রহমান মুকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। এ সময় কৃষাণ-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বারি সরিষা-১৪ একটি উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি জাত। এ জাতটি রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকরা সহজেই চাষ করতে পারেন এবং তুলনামূলক কম খরচে বেশি লাভবান হতে পারেন। পাশাপাশি এ জাতের সরিষায় তেলের পরিমাণ বেশি হওয়ায় এটি অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক।
অনুষ্ঠানে কৃষকদের আধুনিক সরিষা চাষ পদ্ধতি, সঠিক সার প্রয়োগ, বালাই ব্যবস্থাপনা, সময়মতো সেচ প্রদান ও ফসল কর্তনের বিষয়ে বিস্তারিত কারিগরি পরামর্শ দেওয়া হয়। মাঠে প্রদর্শিত বারি সরিষা-১৪ এর ফলন দেখে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আগ্রহের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।