মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
কৃষির আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল প্রয়োগ এবং নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান।
প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের উদ্যোগের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার প্রায় দুই শতাধিক কৃষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় মোট ১৪টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, যন্ত্রপাতি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে তিন দিনব্যাপী এ আয়োজনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য কৃষিভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা উদ্যোক্তারাও মেলায় অংশগ্রহণ করছেন।
কৃষি অফিস সূত্র জানায়, মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



