মেহেরপুর অফিস
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। নির্বাচনী মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনায় সরব হয়ে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এরই ধারাবাহিকতায় মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ব্যক্তিগত স্বার্থে বিভক্ত হয়ে নিজেদের ক্ষতি করা যাবে না। দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে, নচেৎ রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে দল।
গতকাল রবিবার বিকেলে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আমজাদ হোসেন জামায়াতে ইসলামীকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, ইসলামের নামে রাজনীতি করে জামায়াত সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। তাদের কর্মকাণ্ডে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, জামায়াত দাবি করছে তাদের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—কিন্তু জান্নাতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। দেশের মানুষ এখন সত্য ও মিথ্যার পার্থক্য বোঝে এবং বিভ্রান্তিকর রাজনীতিকে আর সমর্থন করবে না।
বিএনপির এই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন উল্লেখ করে বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মী সমাবেশে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন



