স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই উৎসবের আজ ২০ অক্টোবর মহানবমীতে মন্ডপগুলোতে চলছে পূজা অর্চনা। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে সাজসজ্জা, আলোকসজ্জা এবং ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও আয়োজনের খোঁজ নিতে গতকাল সোমবার সন্ধ্যায় দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। এসময় তাঁরা পূজা উদযাপন কমিটি, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। তাঁরা পূজার সার্বিক আইনশৃঙ্খলার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে যথাসময়ে প্রতিমা বিসর্জনের আহ্বান জানান পুলিশ সুপার। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএসবি ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। প্রশাসনের এমন নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের ফলে উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হচ্ছে।



