শিক্ষার মান উন্নয়নে ঝিনাইদহ জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পালসহ শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের কাছে ঝিনাইদহ জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করার বিষয়ে মতামত ও ভবিষ্যৎ করণীয় জানতে চান।
সভায় উপস্থিত শিক্ষাবিদ ও কর্মকর্তারা শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনার দক্ষতা বৃদ্ধি, ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদার, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, ছোট পরিসরে ভেষজ ও ফলজ বৃক্ষরোপণ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রসারণ, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা হ্রাসে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত ও যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।