দর্শনায় পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় মাহমুদ হাসান খান বাবু

দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের পোলিং এজেন্টদের নিয়ে নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দর্শনা থানা ও পৌর এলাকার পোলিং এজেন্টদের অংশগ্রহণে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু কর্মশালার উদ্বোধন করেন। তিনি নিজে উপস্থিত থেকে পোলিং এজেন্টদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম, ভোটকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, একজন পোলিং এজেন্টের দায়িত্ব ও কর্তব্য, ভোট গণনার সময় করণীয় এবং নির্বাচন সংশ্লিষ্ট আইনগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর। তিনি পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত হয়।
সহকারী প্রশিক্ষক হিসেবে জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন হাতে-কলমে নির্বাচনী ফরম পূরণসহ বিভিন্ন কারিগরি বিষয় পোলিং এজেন্টদের বুঝিয়ে দেন।
এ সময় মাহমুদ হাসান খান বাবু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা যাবে না। সাহস ও সততার সঙ্গে আইন অনুযায়ী আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
কর্মশালায় দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে ধানের শীষের পোলিং এজেন্টরা নির্বাচনী মাঠে আরও দক্ষ, সচেতন ও সংগঠিত ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।