স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা মহিলা দল এবং বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি স্থানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় জেলা মহিলা দলের আয়োজনে প্রথম দোয়া মাহফিল এবং বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া পুকুরপাড়ের মাঠে বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাদের আয়োজনে দ্বিতীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার এক অবিসংবাদিত প্রতীক।
তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রতিটি সংকটকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দি থেকেছেন। তার মৌলিক মানবাধিকার হরণ করা হলেও তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি।
তিনি আরও বলেন, আজ দেশের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। গণতন্ত্র ভেঙে পড়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের সরকার প্রতিষ্ঠা, আর সেই লক্ষ্যেই বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আমাদের রাজনীতি প্রতিশোধের নয়, আমাদের রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। আসুন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের সবাইকে গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অবিচল থাকার তৌফিক দান করেন।
জেলা মহিলা দলের আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, রহিমা খাতুন, আফরোজা খাতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক।
অন্যদিকে, ছাত্রদলের আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মন্ডল। জেলা যুবদলের সহসভাপতি ইমরুল হাসান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



