চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের  ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলওয়াত করেন. বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কার্যকরী সদস্য এফ এ আলমগীর। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের সকল শহীদ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিতা, সরদার আল আমিন, এমএম আলাউদ্দিন, কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও মাহফুজ উদ্দিন খান নির্বাচন কমিশন ও সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু দুটি সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার জেলা  আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসম আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান নির্বাচন কমিশনার  মারুফ সরোয়ার বাবু বক্তব্য রাখেন। সাংবাদিকদের এই দুটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক। এই পেশাজীবীরা রাজনীতির উর্দ্ধে থেকে দায়িত্ব পালন করেন। কিন্তু, সংবাদ প্রকাশের পর দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনিয়র সাংবাদিক-সাংবাদিক নেতাদেরকে দেখেছি আদালতের বারান্দায়  দাঁড়িয়ে থাকতে। অথচ, প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল আছে। ভবিষ্যতে আদালতে কোনো অভিযোগ আসলে তা তদন্তের জন্য আদালত আমাদেরকে দায়িত্ব দিলে আমরা সহযোগিতা করতে পারব।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন, নির্বাচন কমিশনার আসম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন, সভাপতি -দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সাধারণ সম্পাদক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা), অর্থ সম্পাদক জামান আখতার(বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন(সময় টিভি), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু(দেশ টিভি), দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার (আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, সরদার আল আমিন(সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন), রাজীব হাসান কচি(প্রধান সম্পাদক আজকের খাসখবর), ফাইজার চৌধুরী(মাছরাঙা টিভি) ও রিফাত রহমান (বণিক বার্তা ও জিটিভি)।
অপরদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিতরা হলেন, সভাপতি- এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম , সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দীন (বিজয় টিভির প্রতিনিধি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক), সাধারণ সম্পাদক হুসাইন মালিক (বাংলাদেশ বেতার), সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা(দৈনিক সকালের সময়), অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু(দৈনিক জবাবদিহি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান(মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা(দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক সনজিত কর্মকার(নয়া শতাব্দী) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান(দি নিউনেশন ও সোনালী বার্তা), খাইরুল ইসলাম(দৈনিক বর্তমান বাংলা), এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম) ও আশরাফুল আলম(দৈনিক দেশের বাণী)।
উল্লেখ্য: গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ এর তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, দুটি প্রতিষ্ঠানে একটি করে প্যানেল মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর দুটি প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ২৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।