আলমডাঙ্গায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

আলমডাঙ্গা অফিস


আলমডাঙ্গায় ট্রাফিক পুলিশের নিয়মিত মোটরসাইকেল তল্লাশিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে ফরজ আলী (৪০) এবং একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে রাজন আলী (২২)।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল জানান, নিয়মিত চেকিং কার্যক্রমের অংশ হিসেবে সকাল থেকেই আলমডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল। দুপুরে লাল ব্রিজ এলাকায় চুয়াডাঙ্গাগামী একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় আরোহীদের আচরণ সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিতে একজনের পকেট থেকে দড়ি দিয়ে বাঁধা একটি ধারালো গিয়ার উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের সিট খুলে একটি চাপাতি ও একটি স্টিলের রড পাওয়া যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।