কুড়ুলগাছির ধান্যঘরায় অগ্নিদগ্ধ এতিম সুমন ২৫ দিন ধরে চিকিৎসার অভাবে মুমূর্ষ

দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের যুবক সুমন অগ্নিদগ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় ২৫ দিন আগে শীতে উষ্ণতা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে বসার সময় অসাবধানতাবশত তিনি ভয়াবহভাবে দগ্ধ হন।
ঘটনায় সুমনের পশ্চাৎদেশ পুরোপুরি পুড়ে গেছে। দারিদ্র্েযর কারণে ঘটনার পর থেকে তিনি কোনো চিকিৎসা নিতে পারেননি। বর্তমানে পোড়া অংশ থেকে দূষিত পানি নির্গত হচ্ছে এবং ক্ষত ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সুমনের সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় অর্ধলক্ষ টাকা প্রয়োজন।
সুমনের বাবা-মা মৃত, দুই ভাই মানসিকভাবে অসুস্থ, ফলে পরিবারের দেখাশোনার মতো কেউ নেই। চিকিৎসা করানো তো দূরের কথা, তার নিত্যদিনের খাবার জোটাতেও সমস্যা হচ্ছে। অসুস্থ শরীর নিয়েই সুমন বিভিন্ন দোকান ও গ্রামের মানুষদের সাহায্য চাচ্ছেন, তবে হাঁটাচলার অক্ষমতার কারণে সাহায্য সংগ্রহ করাও ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হলেও তা পুরো চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তাই স্থানীয়রা সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন, না হলে সুমনের জীবন বিপন্ন হতে পারে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।