স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে ট্যাপেন্টাডলসহ ১ জনকে আটক করা হয়েছে। একইসাথে ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৩টায় চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা পৌর এলাকার নূরনগরে অভিযান চালায়। এ সময় নুরনগর গ্রামের সুলতানের ছেলে এরিন বাদশাকে (৪০) ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে এলাকার গোরস্থানের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় ১৫ টি ককটেল বোমা উদ্ধার করা হয়। ককটেল বোমা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যে কোন ধরণের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১, ককটেল বোমা উদ্ধার



