লোকনাথপুরে জামায়াত-এনসিপির সঙ্গে মতবিনিময়কালে রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র সুসংহত করতে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর রুহুল আমিন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় লোকনাথপুর সৌদি রিসোর্টে বন্ধুপ্রতিম সংগঠন এনসিপির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা ১৯৭১ সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য আমাদেরকে আবারও ১৯৯০ ও ২০২৪ সালে আন্দোলনে নামতে হয়েছে। ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছি। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী শহীদ হয়েছেন, অসংখ্য শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যেন কোনো আধিপত্যবাদী শক্তি দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরা ভোট চুরি করবো না, অন্যদেরকেও ভোট চুরি করতে দেবো না। ভোট ডাকাতি বন্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপিসহ বিরোধী দলগুলোও নির্যাতনের শিকার হয়েছিল। ছাত্রদের আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মী ও প্রশাসনের একটি অংশ দেশ ছেড়ে পালিয়ে যায়।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমীর নায়েব আলী, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক খাজা আমিরুল বাশার বিপ্লব এবং জেলা সমন্বয়ক কমিটির সদস্য সোহেল পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহসিন আলী, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক আমির হোসেন, নূরে আরাফাত হিরন, দামুড়হুদা প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার, জীবননগর উপজেলা প্রধান সমন্বয়ক ইমরান হাসান, জেলা কৃষি কমিটির সাধারণ সম্পাদক সোহানুর রহমান, দামুড়হুদা উপজেলা যুগ্ম সমন্বয়ক নাজমুল হক, জীবননগর উপজেলা যুগ্ম সমন্বয়ক হৃদয় সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।