স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চেকিং করার সময় ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার করানে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের আজগার আলীর ছেলে রাজু হোসেন(২৫), একই গ্রামের রায়হান আলীর ছেলে রিয়ন মিয়া(২৬) ও দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাওন(২৭)।
জানা গেছে, চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেল কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাজু ও শাওন। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল বাক্য ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে পুলিশ তাদের ছেড়ে দেয়।
পরে পুলিশের সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশ কিছু গণমাধ্যমে এই ভিডিও প্রকাশ করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে গত রোববার চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজনিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে মোটরসাইকেল চেকিং করার সময় তিন যুবক পুলিশের সাথে দুর্ব্যবহার করে। মুহুর্তে সেই ভিডিও টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার ভোরে তাদের কে আটক করে থানায় আনা হয় এবং পরবর্তীতে জেল হাজতে প্রেরন করা হয়।
চুয়াডাঙ্গায় পুলিশের সাথে দুর্ব্যবহারে ৩ যুবক আটক



