দর্শনা অফিস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দর্শনা থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। এ সময় নবাগত ওসি মেহেদী হাসানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু ও জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ।
বক্তারা দর্শনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে নবাগত ওসিকে সজাগ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।
জবাবে নবাগত অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াসীম রয়েল, ইমতিয়াজ রয়েল, শ্রী কমল বাঁধন, রিফাত রহমান, আব্দুল হান্নানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
আইনশৃঙ্খলা বিষয়ে দর্শনা থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়



