জীবননগর অফিস
জীবননগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান(৬০) ও কিতাব আলী(৬০) নামের দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে রেফার্ড করা হয়েছে। আহত ফজলুর রহমান বাঁকা গ্রামের আঁশতলা পাড়ার বাসিন্দা ও স্থানীয় ববি নার্সারির স্বত্বাধিকারী।কিতাব আলী জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামের ইবাদত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ৮ টার দিকে যশোর থেকে ছেড়ে আসা ফল বোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান বাঁকা ব্রিকফিল্ডের নিকট সড়ক পার হওয়ার সময় ফজলুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
অপর দিকে দুপুর ১২ টার দিকে জীবননগর পশু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল কিতাব আলী কে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয় ও তার ডান পা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
জীবননগরে রাস্তা পারাপারের সময় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত-২



