দুর্বৃত্তদের গুলিতে যশোরে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির টহল জোড়দার

স্টাফ রিপোর্টার
দুর্বৃত্তদের গুলিতে যশোরে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে বিজিবির টহল জোড়দার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর জেলার শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে বিজিবির সীমান্তজুড়ে তৎপরতা জোরদার করা হয়েছে। গতকাল রবিবার দুপুুরে চুয়াডাঙ্গা-৬বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ নাজমুল হাসান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেসনোটে জানা গেছে, চুয়াডাঙ্গা ৬ বিজিবির দায়িত্বপূর্ণ মেইন পিলার ৭৫/৩-এস হতে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিঃ মিঃ সীমান্ত রয়েছে। এ  এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আলমগীর হোসেন এর ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ কারনে দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঁঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপির এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।