আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লোকমান ক্লিনিক থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেও আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা পৌর প্রশাসক পান্না আক্তার।
সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে আলমডাঙ্গা পৌরসভা এবং অর্থায়ন করা হয়েছে আইইউডিপি প্রকল্পের আওতায়। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স গ্রামীন ট্রেডার্স, প্রোপাইটর আব্দুল আহাদ মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নাগরিকদের যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। এই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় বাসিন্দারাও সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানান।
আলমডাঙ্গায় কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন



