রাষ্ট্রীয় শোকের দিনে দর্শনা অগ্রণী ব্যাংকে ভুরিভোজ!

দর্শনা অফিস
রাষ্ট্রীয় শোকের দিনে দর্শনায় অগ্রণী ব্যাংক শাখায় ভুরিভোজ আয়োজনের ঘটনা নিয়ে এলাকায় সমালোচনা হচ্ছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও শোকের প্রথম দিনেই এই আয়োজন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ৩১ ডিসেম্বর অগ্রণী ব্যাংক দর্শনা শাখায় আয়োজিত ভুরিভোজ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ব্যাংকের চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চলপ্রধান নুরুন্নাহার পরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনসহ আঞ্চলিক কার্যালয়ের একাধিক কর্মকর্তা। এছাড়া পূর্ববর্তী সরকারের সময়ে গঠিত বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মোহাম্মদ মাসুদ গোলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। রাষ্ট্রীয় শোক চলাকালে এমন আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন ও সংবেদনশীলতাহীন বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এ বিষয়ে জানতে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চলপ্রধান নুরুন্নাহার পরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।