স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘জাহানারা যুব মহিলা সংস্থা’ নামের একটি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের পলাশপাড়ার নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। সংস্থার পরিচালক জাহানারা খাতুনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জামান আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা বেশি থাকায় শীত মৌসুমে জেলার ছিন্নমূল মানুষেরা সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়ে। এ অবস্থায় সরকারি বেসরকারিভাবে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা কিছুটা হলেও উপকৃত হবে।
সংস্থার পরিচালক জাহানারা খাতুন জানান, মোহাম্মদ ওবাইদুল্লাহ ও দিলরোজ বেগম নামের দু’জন হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় ৫০ জন অসহায় মানুষের হাতে কম্বলগুলো তুলে দেয়া হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ



