আলমডাঙ্গা অফিস
নতুন বছরের প্রথম দিনে আলমডাঙ্গার সানবীম প্রি ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিশু-কিশোর শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গার সানবীম প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই প্রতিষ্ঠান নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়। দেশের প্রচলিত নিয়ম অনুসারে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার অংশ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে।
বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ টিপু-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় তিনি বলেন, নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের মনে এক বিশেষ আনন্দের অনুভূতি সৃষ্টি করে। আশা করি আজ যারা নতুন বই পেয়েছে, তারা সারা বছর এই বই থেকে মনোযোগ সহকারে জ্ঞান অর্জন করবে এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। অনুষ্ঠান শেষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবা খাতুন। সহকারী শিক্ষক নাজমুল সাকিব-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না খাতুন।
আলমডাঙ্গায় সানবীম প্রি ক্যাডেট স্কুলে বই উৎসব অনুষ্ঠিত



