মেহেরপুর অফিস
র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের বিশেষ অভিযানে দুটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অস্ত্র ও গুলিসহ তাদের হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই উপজেলার মৃত দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।
র্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় আটককৃতদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
মেহেরপুর র্যাব-১২-এর অভিযানে দুটি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন আটক



