ঝিনাইদহ অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, আপোষহীন নেত্রী। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেশের এই সংকটময় সময়ে তার প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে বিএনপির নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষ আজ এক অমূল্য নেত্রীকে হারাল। শেষে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
বেগম জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির শোক কর্মসূচি



