উলামা পরিষদের উদ্যোগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আল্লামা মামুনুল হক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার অরাজনৈতিক ধর্মীয় সংগঠন উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। গতকাল রাত সাড়ে ৯টায় টাউন ফুটবল মাঠে মঞ্চে তিনি তার আসন গ্রহণ করেন। পরে জেলাবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য প্রদান করেন।
জানা যায়, মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, কোন রাষ্ট্রের শাসক সেই রাষ্ট্রের মালিক নয়। শাসক রাষ্ট্র পরিচালনার ম্যানেজার। ম্যানেজার চাইলেই তার প্রতিষ্ঠানের ভিতর সব করতে পারেনা। মালিকের অনুমতি ব্যতীত ম্যানেজারের কোন কিছু করারই সক্ষমতা নেই। ঠিক তদ্রুপ সরকার চাইলেই রাষ্ট্রের মধ্যে যা ইচ্ছা তা করতে পারেনা। জনগণের সাথে যা ইচ্ছা তা করতে পারেনা। ভূ-পৃষ্টের মালিক হলো আল্লাহ, তিনি যা চাইবেন তাই হবে। এই রাষ্ট্রের সরকার আল্লাহ নিতিমালা পালন করতে বাধ্য, জনগণের ওপর কিছু চাপিয়ে দিতে পারেনা। সরকারি নীতিমালা ও মহান আল্লাহ তা’আলার আইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মহান আল্লাহ তা’আলার নীতিমালা মেনে যে রাষ্ট্র পরিচালনা হবে সেটি হবে একটি ইসলামিক রাষ্ট্র।
আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী জুনায়েদ আল হাবিবী, কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল হামিদ, জীবননগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ আনসারী, দামুড়হুদা শাখার সেক্রেটারি মুফতী আব্দুস সবুর এবং মেহেরপুর উলামা পরিষদের সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের নেতৃবৃন্দ ও মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা মাহবুবুর রহমান গওহরী, মুফতি শোয়াইব আহমাদ কাসেমী, মুফতি আযীযুল্লাহ, মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী, মাওলানা শামসুজ্জোহা আযাদী, মুফতি আলী আকবর, মাওলানা মামুনুর রশীদ বশির, মাওলানা মাহবুবুর রহমান মজনু, মাওলানা এনামুল হক ও মাওলানা জুবায়ের খাঁনসহ অন্যান্য আলেম-ওলামা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।