কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু আসলাম (সোহাগ)। তিনি তাঁর বক্তব্যে জহুরুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “জহুরুল ইসলাম স্যার একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি হিসেবে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মঈন উদ্দীন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বারসহ ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সানোয়ার হোসেন, এমদাদুল হক মজনু, আব্দুল কুদ্দুস, তাহের আলী ও আলিম হোসেন।
কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক জহুরুল ইসলাম তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিদ্যালয় আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোমিন মাস্টারসহ শিক্ষক মোখতার হোসেন, রায়হান উদ্দীন, আবুশামা, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, রাকেশ হোসেন, শহরীয়ার হোসেন, রনি শেখ, তাসনারা খাতুন, বর্ণালী ইয়াসমিন এবং অফিস সহকারী জুযেল রানা ও তৌহিদ হোসেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষক জহুরুল ইসলামকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী শিক্ষক জহুরুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।