আলমডাঙ্গা অফিস
বাগেরহাটে সংবর্ধিত হলেন, আলমডাঙ্গার কৃতি সন্তান আসাদুজ্জামান লিমন। বাগেরহাট জেলা যুব ফোরামের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান ও যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান লিমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্ব, নিষ্ঠা ও সংগঠনিক দক্ষতার মাধ্যমে যুব ফোরাম খুলনা বিভাগকে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে গতকাল বাগেরহাট সদরে কোডেক ট্রেনিং সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহায়তায় এবং ভিএসও বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় বাগেরহাট জেলা যুব ফোরামের ব্যবস্থাপনায় “হিউম্যানিটারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট নেক্সাস ইন্টারভেনশন ফর ইয়ুথ নেটওয়ার্ক” বিষয়ক দিনব্যাপী কর্মশালার সমাপনী পর্বে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণকালে আসাদুজ্জামান লিমন বলেন, “ভালো কাজ করলে তার ফল একদিন অবশ্যই আসে। আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানুষের ভালোবাসা ও এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি যুব ফোরাম খুলনা বিভাগের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শামসুজ্জোহা, প্রশিক্ষক (মৎস্য), উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট। বিশেষ অতিথি ছিলেন ভিএসও বাংলাদেশ-এর অফিসার অয়ন কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব ফোরামের সভাপতি মোঃ আকিব, সহ-সভাপতি সজীব, সাধারণ সম্পাদক সবুজসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বাগেরহাটে সংবর্ধিত হলেন আলমডাঙ্গার ছেলে আসাদুজ্জামান লিমন



