আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আকতার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় তারা ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং আলমডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নে সবধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউএনওর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জমায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজাসহ নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও জনাব পান্না আকতারকে স্বাগত জানান। তাঁরা তাঁর সফল কর্মজীবন কামনা করেন এবং উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ইউএনওকে আশ্বস্ত করে বলেন, আলমডাঙ্গা উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে, জনগণের কল্যাণে ও যে কোনো উন্নয়নমূলক কাজে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। নবাগত ইউএনও জনাব পান্না আকতার জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান। তিনি আলমডাঙ্গাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, পান্না আকতার গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
আলমডাঙ্গার নবাগত ইউএনওর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ



