জীবননগরে রাতের আঁধারে ৬ দোকানে দুঃসাহসিক চুরি

জীবননগর অফিস

জীবননগর শহরে রাতের আঁধারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। রবিবার রাতে কোন এক সময় টিন কেটে ও ভেন্টিলেটর ভেঙে বিভিন্ন কৌশলে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরেরা। চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, জীবননগর শহরের চ্যাংখালী সড়কের পাশে মা কসমেটিক, বলাকা লাইব্রেরি, মুক্তার ইলেকট্রনিক, তোতা কম্পিউটার, শোয়াইব ইলেকট্রনিক ও মেসার্স জাফর মুদি স্টোরে চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের ২৫/৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।

বলাকা লাইব্রেরি স্বত্বাধিকারী অনিক হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যায়। পরেরদিন রবিবার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে দেখতে পেলাম উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্সের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। চোর চক্রের সদস্যরা টিন কেটে ও ভেন্টিলেটর ভেঙে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে বলে চুরি হয়ে যাওয়া দোকানের মালিকেরা জানান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, জীবননগর শহরে এতো বড় বাজার অথচ বাজার পরিচালনার জন্য কোনো কমিটি নেই। রাতে ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় কোন নৈশ প্রহরী নেই। এই বাজারে এধরনের চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটে। ব্যবসায়ী সংগঠন তৈরি করতে ব্যবসায়ীরা অনেকবার উদ্যোগ নিলেও সেটি শেষ পর্যন্ত আর হয়ে উঠে নি। চুরি ঠেকাতে প্রশাসনের জোরালো ভূমিকা পালন করার দাবি জানান তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।