জীবননগর অফিস
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)’র গুলিতে শহিদুল ইসলাম (৩৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেয়ারি ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় শহিদুল ইসলাম গুলি বৃদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।
সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাজান আলী জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে ছেলেটি মোটা বুদ্ধি সম্পন্ন। মাঠে জোন পাঠ খাটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ রিপন কুমার জানান, তিনি ঘটনাটি শুনেছেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, গতকাল বিকালে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়েছে বলেও জানতে পেরেছি।
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত



